হোটেলে বাকি খেয়ে বিল দিচ্ছেন না এক ছাত্রলীগ নেতা! পরে থানায় অভিযোগ দায়ের….
বিডি নিউজ২৩; সাত মাস হোটেলে বাকি খেয়ে বিল না দেওয়ার অভিযোগ উঠেছে কক্সবাজার জেলা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা হলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মারুফ আদনান।
বিল না পেয়ে ২৭ সেপ্টেম্বর, বুধবার থানায় অভিযোগ করেছেন হোটেল মালিক শাহাব উদ্দিন।
অভিযোগ থেকে জানা গেছে, ছাত্রলীগ নেতা মারুফ আদনান অনেক দিন ধরে নেতাকর্মীদের নিয়ে কলাতলীতে অবস্থিত শাহাব উদ্দিনের ভাতের হোটেলে নিয়মিত খাওয়া-দাওয়া করেন। পরে বিল বাকি রেখে চলে যেতেন। এভাবে সাত মাসে বকেয়া বিল জমেছে প্রায় ৩ লাখ টাকা।
এদিকে ২৬ সেপ্টেম্বর বাকি টাকা চাইলে হোটেলের মালিক ও কর্মচারীদের মারধর করেন ছাত্রলীগ নেতা ও তার কর্মীরা। এ সময় তারা ক্যাশ থেকেও ৩০ হাজার টাকাও নিয়ে যান তারা।
মালিক শাহাব উদ্দিন বলেন, আমি ছোট ব্যবসায়ী। ছাত্রলীগ নেতা মারুফ আদনান প্রতিদিন এসে নেতাকর্মীদের নিয়ে খাবার খেয়ে টাকা না দিয়ে চলে যান। টাকা চাইলে তার কর্মীরা আমাদের মারধর করেন। তার কাছ থেকে আমি ৩ লাখ টাকা পাই।
জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার ওসি রাকিবুজ্জামান বলেন, থানায় প্রতিদিন অনেক অভিযোগ আসে। ছাত্রলীগ নেতার বিরুদ্ধেও আসতে পারে। আমি এখন বাইরে আছি, থানায় গিয়ে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেব।
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা আবু মোহাম্মদ মারুফ আদনানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আমার জন্মের পর কোনো দিনও ওই হোটেলে যাইনি। অভিযোগকারীকেও কখনও দেখিনি বা চিনি না। অভিযোগটি পুরোপুরি মিথ্যা। (সুত্র; ডিবিসি নিউজ)

হোটেলে ভাত খেয়ে ৩ লাখ টাকা বিল বাকি ছাত্রলীগ নেতার, থানায় অভিযোগ