অবৈধভাবে পুকুর খননের মাটি টানার সময় ট্রাক্টর উল্টে চালক নিহত
ইমাম হোসাইন, বিডি নিউজ২৩: নাটোরের লালপুরে অবৈধভাবে পুকুর খননের মাটি বোঝাই ট্রাক্টর উল্টে জয় মিয়া (২২) নামে এক চালক নিহত হয়েছেন।
শনিবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৩ টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের সাদীপুর গ্রামে এঘটনা ঘটে। নিহত জয় মিয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায় যে, প্রশাসনের কোন অনুমতি ছাড়াই অবৈধভাবে পুকুর খনন করে ট্রাক্টর দিয়ে রাস্তা নষ্ট করে মাটি বিক্রি করার কাজ করছিলেন ওই এলাকার এক প্রভাবশালী, উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের সাদীপুর গ্রামের আনসার আলীর অবৈধভাবে পুকুর খনন করে, সেই পুকুরের মাটি বিভিন্ন জায়গায় বিক্রি করছিল রানা সরদার নামে এক কন্ট্রাক্টার। প্রশাসনের কোন অনুমতি না থাকায় রাতের আঁধারেই চলে সেই কাজ। শনিবারে ভোরে পুকুর থেকে মাটি বোঝাই ট্রাক্টর রাস্তা উঠতে গিয়ে উল্টে যায়। এতে চালক জয় মিয়া গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রভাবশালী ওই পুকুর খনন কারীদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছেন এলাকাবাসীরা তবে তারা চান উপজেলার সবখানে এই ধরনের পুকুর খনন বন্ধ থাকুক। তাতে করে সরকারি কোটি কোটি টাকা খরচ করে যে রাস্তা তৈরি করা হয়েছে সেগুলো ভালো থাকবে। এভাবে মাটি বহন করতে থাকলে মাটি পরে রাস্তা নষ্ট হয়ে যাবে আর বর্ষার মৌসুমে রাস্তায় পড়ে থাকা ওই মাটির কারণে মোটরসাইকেল সহ বিভিন্ন রকম যানবাহন চলাচলে ব্যাপক রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে ক্ষোভেরও সঞ্চার হয়েছে। এলাকাবাসীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, যেন রাস্তা দিয়ে মাটি বহনকারী গাড়ি না চলে, সেজন্য অনুরোধ জানিয়েছেন।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, থানা থেকে খনন করা বা মাটি বহন করার কোন অনুমতি দেওয়া হয় না। লালপুর থানায় এবিষয়ে অভিযোগ পায় নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে দেবাশীষ বসাক, সহকারী কমিশনার (ভূমি), লালপুর বলেন, এই ধরনের বিষয়ে আমার জানা নেই। আর অনুমতি ও নেই। তাছাড়া পুকুর খনন এবং মাটি বিপণন উভয়ে আমাদের অফিস থেকে অনুমোদন বা অনুমতি দেওয়া হয় না।
উল্লেখ্য যে, রাজশাহী ও নাটোর এই দুই জেলার প্রায় প্রতিটি উপজেলার ইউনিয়ন পর্যায়ে চলছে মাটি খনন ও বিপণন এর কাজ। দিন রাত এক করে পুকুর খননকারীরা প্রশাসনের কোন বাধা ছাড়াই খনন করছে পুকুর। তবে রাজশাহীর পুঠিয়া উপজেলার কিছু কিছু জায়গায় অভিযান চলছে, ইতোমধ্যে একজনকে আটক করে জেল হাজতেও প্রেরণ করা হয়েছে। তবে আটকানো যাচ্ছে না এই পুকুর খনন ও মাটি বিপনণ কারীদের।

অবৈধভাবে পুকুর খননের মাটি টানার সময় ট্রাক্টর উল্টে চালক নিহত