বাগমারা প্রতিনিধি; রাজশাহী-৪ বাগমারা আসনে নৌকা প্রতীকের প্রচারনার একটি কার্যালয়ে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গণিপুর ইউনিয়নের আচিনঘাট গ্রামের বল্টুর মোড়ে রোববার (২৪ডিসেম্বর) রাত পৌনে বারোটার দিকে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও ওয়ার্ড আ’লীগের সভাপতি মমতাজ প্রামানিক বাদি হয়ে (২৫ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গণিপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের দক্ষিণ জামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের আওতায় আচিনঘাট এলাকার বল্টুর মোড়ে যুবলীগের একটি অস্থায়ী কার্যালয় নৌকা প্রতীকের প্রচারনার জন্য ব্যবহার করা হয়। রোববার রাতে কাঁচি প্রতীকের প্রার্থীর সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে এসে পেট্রোল জাতীয় তরল পদার্থা ছিটিয়ে দেয় এবং দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি এবং নৌকার প্রার্থী অধ্যক্ষ আবকুল কালাম আজাদের ব্যানার, পোস্টার, ফেস্টুন পুড়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর ১৬জন সমর্থকের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে চিহ্নিত দুস্কৃতকারীদের শাস্তির দাবীতে সোমবার (২৫ডিসেম্বর) বেলা এগারোটায় গনিপুর ইউনিয়নের আচিনঘাটে সইপাড়া-ভবানীগঞ্জ পাকা সড়কে গনিপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।
গনিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম (মিলিটারী)র সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক বাবু, প্রধান শিক্ষক রহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এস.এম, এনামুল হক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, স্বতন্ত্র কাঁচি মার্কার প্রাথী ইঞ্জিনিয়ার এনামুল হকের লোকেরা এ অগ্নিসংযোগ করেছেন। নেতৃবৃন্দ দাবী করেন, চিহ্নিত দুস্কৃতকারী আচিনঘাট এলাকার শিমুলের নেতৃত্বে শাহাদৎ, মতিউর রহমান, সবুজ গংরা অগ্নিসংযোগের মাধ্যমে গনিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের কার্যালয় এবং নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে। গনিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম এবং নির্বাচন কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক বাবু বলেন, বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার জানান, মৌখিক অভিযোগ পেয়েছি, খোঁজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাগমারায় নৌকার নির্বাচনী অফিসে আগুন, শাস্তির দাবীতে মানববন্ধন