বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহী’র বাগমারা’ র উপজেলার উত্তর জামালপুর গ্রামের কৃষক বাবলু হোসেন প্রায় ১২ কাঠা জমির পাকাধান কেটে দিয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের নেতাকর্মীরা। শুধু বাবলু হোসেন নন, তার মতো আরও আটজন চাষি পেয়েছেন এই সেবা।
নিম্নচাপের প্রভাবে গত কয়েক দিনের বৃষ্টিতে উপজেলার বোরো খেতে পানি জমে যায়। পাকা ধান নিয়ে কৃষকরা বিপাকে পড়েন। ধানকাটা শ্রমিকদের মজুরি বাড়ার পাশাপাশি সংকটও দেখা যায়। এতে বিপাকে পড়েন কৃষকরা।
উপজেলার সোনাডাঙ্গা ইউনিয়নের ভরট্ট, উত্তর জামালপুর, শিমলা ও উত্তর জয়পুর গ্রামের কৃষকরা বেশি ভোগান্তিতে পড়েন। নিচু এলাকা হওয়ায় ক্ষেতের পাকাধানগুলো তলিয়ে যায়।
বিষয়টি রাজশাহী জেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম সমাপ্তের নজরে আসেন। তিনি সংগঠনের স্থানীয় নেতাদের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া এবং গরিব কৃষকদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তার এই নির্দেশনা পেয়ে কৃষক দলের নেতারা মাঠে নামেন।
গতকাল শনিবার সকাল ১০ হতে বিকাল ৪ টা পর্যন্ত এই কাজ চলমান, এছাড়াও আজ রোববারও কৃষকদলের নেতা-কর্মীদের এই তৎপরতা দেখা যায়।
শনিববার বিকেলে ভরট্ট গ্রামের স্থানীয় বিলে বিশেষ টি-শার্ট পরে কয়েকজনকে ধান কাটতে দেখা যায়। এ সময় রনি নামের একজন নিজেকে কৃষকের সন্তান ও শিক্ষক পরিচয় দেন।
তিনি বলেন, গরিব কৃষকদের দুর্দশা দেখে এবং জেলা কৃষক দলের সভাপতির নির্দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ধান কাটতে আমরা ৫০ জন কৃষকনেতা মাঠে আসছি। গবির কৃষকদের ধান কাইট্যা বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এরই মধ্যে আট বিঘার ধান কাটা হয়েছে। এটা কোনো ফটো সেশন বা নিজেদের জাহির করার জন্য নয়। প্রকৃত কৃষকদের পাশে দাঁড়ানোই উদ্দেশ্য।
খেতের পাশে থাকা ভরট্ট গ্রামের কৃষক আবদুস সামাদ বলেন, বৃষ্টির পানিতে ক্ষেতের পাকা ধান মাটিতে পড়ে গেছিল। পাইট (শ্রমিক) পাওয়া যাচ্ছিল না, কৃষক দলের নেতারা আইস্যা, ধান কাইটা বিপদ থাইক্যা রক্ষা করিল।
সোনাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আয়নাল হক বলেন, কৃষক দলের নেতাদের কাজটা ভালো লেগেছে। আমি নিজেও অংশ নিয়েছি। গরিব কৃষকদের উপকার হলো।
বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, হঠাৎ বৃষ্টিতে ও বিলে পানি প্রবেশ করায় পাকা ধান তলিয়ে গেছে। সোনাডাঙ্গার নিম্নাঞ্চলে এমন অবস্থা হয়েছে। শ্রমিকের মুজুরি বাড়ায় কৃষকরা বেশি সমস্যায় পড়েছেন। এভাবে তাদের পাশে দাঁড়ানোয় উপকার হয়েছে।

রাজশাহীর বাগমারায় কৃষকের ধান কেটে দিলেন কৃষক দল নেতা-কর্মীরা