শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে রমজান আলী নামের এক মাটি ব্যবসায়ির বিরুদ্ধে ফসলী জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রির অভিযোগ প্রশাসনের বিভিন্ন দপ্তরে দিয়েও প্রতিকার না পেয়ে ভুক্তভোগী কৃষক শহিদুল ইসলাম সংবাদ সম্মেলন করেন। তিনি মঙ্গলবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলা সদরের স্কুল মার্কেটে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

লিখিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিবগঞ্জ থানাধীঁন কিচক ইউনিয়নের চিলোইল মৌজার জেএল নং-৪২, সি.এস খং নং- ৮২, এর ৫১৭, ৫১৬ ও ৫১৮ নং দাগের প্রায় ৯৭ শতক জমির মালিক তিনিসহ আরও কয়েক জন। জমিটি তার মৃত জ্যাঠা ভোগ দখল করে আসছিলো। কিন্তু বজলার রহমান চৌধুরী, জাহাঙ্গীর হোসেন, আমির আলী ও গয়ের আলী গং ভুয়া কাগজপত্র তৈরী করে জমিটি তাদের দখলে নেয়। বর্তমানে ভুক্তভোগী কৃষকদের নামে জমির কাগজপত্রাদি থাকায় প্রতিপক্ষ একই গ্রামের গয়ের আলী ও কিচক ইউনিয়ন পরিষদের সদস্য ভূমিদস্যু রমজান আলী ফসলী জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি করে আসছে।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ইতিমধ্যে বগুড়া জেলা প্রশাসক, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অফিসে অভিযোগ দিয়ে কোন প্রতিকার পাননি তিনি। বর্তমানে রমজান আলী বেপরোয়া ভাবে মাটি বিক্রি শুরু করেছে। তিনি আক্ষেপ করে বলেন প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছি না। কি কারণে প্রশাসন চুপ রয়েছে তা আমার বোধগম্য নয়। প্রতিপক্ষরা ফসলী জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। আবাদী জমি শেষ হয়ে যাচ্ছে, আমি জীবিকা নির্বাহ করবো কিভাবে। প্রতিপক্ষরা মাটি কাটার কারণে ভূমি ধ্বসের সৃষ্টি হবে এবং আশপাশের ফসলী জমি বিলিন হয়ে যাবে।
তিনি প্রশাসনের কাছে ফসলি জমির মাটি কাটা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনিসহ তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

জমি রক্ষা ও মাটি কাটা বন্ধে প্রতিকার না পেয়ে কৃষকের সংবাদ সম্মেলন