বিডি নিউজ২৩; রাজশাহীতে পূর্ব শত্রুতার জের ধরে সংবাদ সংগ্রহের সময় দৈনিক কালবেলার দুর্গাপুর উপজেলা প্রতিনিধি ও দুর্গাপুর নবযাত্রা প্রেসক্লাবের সহ-সভাপতি রাজু আহমেদকে লাঞ্ছিত এবং প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় রাজু তার জীবনের নিরাপত্তা চেয়ে দুর্গাপুর নবযাত্রা প্রেসক্লাবের সভাপতি থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে , রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামের মৃত একরাম হকের ছেলে আনোয়ার হোসেন দীর্ঘদিন যাবৎ সরকারি খাস জমিতে বসবাস করে আসছেন। কিছুদিন আগে সরকারি রাস্তা ঘিরে নতুন করে প্রাচীর ও নির্মাণ করেন তিনি। এবং শুক্রবার ২২ ডিসেম্বর বিকেলে সেই আনোয়ার বাজারের মধ্যে মাটি বহনকারী ট্রাক্টর থামিয়ে চাঁদা আদায় কালে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে উগ্র আচরণ শুরু করে জাতীয় দৈনিক কালবেলা পত্রিকাকে উদ্দেশ্য করে নানান কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে।
একপর্যায়ে ওই সাংবাদিককে লাঞ্ছিত ও মারধোরের চেষ্টা করে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণ নাশের হুমকি দেয়া হয়।
বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকেরা হুমকিদাতা আনোয়ারকে তার মুঠোফোনে কল দিলে তাদের সাথেও সে খারাপ আচরণ করেন এবং আপনারা কি এসপি ডিসি কি করতে পারেন করেন গিয়ে। আমার এলাকায় সাংবাদিকতা করতে হলে আমাকে জানাতে হবে আমি আওয়ামী লীগ নেতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইলেকট্রিক মিস্ত্রী আনোয়ার হোসেন এলাকায় বেপরোয়াভাবে চলাচল করেন এবং স্থানীয় এক ইউপি সদস্য সহ স্থানীয়দের সাথে প্রায় সময় মারমুখী ও খারাপ আচরণ করেন।
এ বিষয় নিয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য ইউনুস আলী বলেন, কালবেলার সাংবাদিক রাজু আহমেদ আজ বিকেলে লাঞ্ছিত হয়েছেন এটা আমি দেখছি। আনোয়ার হোসেন প্রায় সময় এলাকার লোকজনের সাথে উগ্র ও মারমুখী আচরণ করেন। খুব বাজে ভাষায় গালাগালি করে।
এছাড়াও এসব বিষয়ে রাজশাহীর বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বলছেন, বিষয়টির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া না হলে পরবর্তীতে কঠোর অবস্থানে যাবেন।
এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ ওসি খাইরুল ইসলাম বলেন, সাংবাদিকরা থানায় এসেছিলেন। লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহীর দুর্গাপুরে সাংবাদিক লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ