তরমুজের দাম জমিতে ৬০ টাকা, আড়তে ৯০, খুচরায় ২৫০!
বিডি নিউজ২৩: চলতি বছর তরমুজের বাম্পার ফলন হলেও খুচরা বাজারে দাম বেড়েছে। কৃষকের উৎপাদিত এই গ্রীষ্মকালীন ফল তিনগুণ দামে কিনছে ক্রেতারা।
যে তরমুজ কৃষক পর্যায়ে পাইকারি থেকে খুচরা পর্যায়ে ১১৫ থেকে ১২০ টাকা হওয়ার কথা, ভোক্তাদের তা কিনতে হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়।
ব্যবসায়ীদের দাবি, গত কয়েকদিনের বৃষ্টিতে ২০ থেকে ৩০ শতাংশ তরমুজ নষ্ট হয়ে গেছে। তাই লোকসান মেটাতে দাম বেড়েছে।
রাজধানীর বাদামতলী তরমুজের একটি বড় আড়ৎ। সেখান তরমুজ আকার ভেদে তিন-চারটি ভাগে ভাগ হয় । বিক্রি হয় শতক হিসাবে।
৬ কেজি বা তারচেয়ে ছোট আকারের তরমুজ বিক্রি হচ্ছে ৫ হাজার টাকায়, ৬-৮ কেজি ওজনের তরমুজ ৭ হাজার টাকা, ৮-১০ কেজির তরমুজের ১৪-১৫ হাজার এবং ১০ কেজির বেশি ওজনের তরমুজের দাম ২২ হাজার টাকা।
তরমুজ চাষিরা জানান, ক্ষেত থেকে ৫ কেজি তরমুজ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়। আর সেই তরমুজ আড়তে গেলে বিক্রি হয় ১০ থেকে ২০ টাকা কেজি।
অর্থাৎ ছয়-আট কেজি ওজনের একটি তরমুজের দাম ৫০ টাকা। পাইকারি বাজারে ৭০ টাকা। হার্ভেস্টারে ১০ শতাংশ কমিশন এবং কুলির খরচের ৩ টাকা যোগ করলে এই সাইজের একটি তরমুজের দাম ৮০ টাকায়। দর কষাকষি শেষে বাদামতলী থেকে তরমুজগুলো পৌঁছে যায় রাজধানীর খুচরা বাজারে। পরিবহন খরচের সাথে আরও ৫ টাকা যোগ করলে প্রতিটি তরমুজের সর্বোচ্চ খরচ হবে ৮৫ টাকা।
গ্রীষ্মের রসালো ফল হিসেবে তরমুজ ভোক্তার কাছেপ্রিয়। তবে রোজার মাস চলায় ইফতারে এই ফলের কদর বেশি। রাজধানীর আগারগাঁওয়ের বাসিন্দা মিজানুর রহমান এসেছেন ফার্মগেটে তরমুজ কিনতে। তাঁর কাছে ৬ থেকে ৮ কেজি আকারের একটি তরমুজের দাম চাওয়া হলো ২৫০ টাকা। পাইকারিতে কেনা খরচের প্রায় তিনগুণ।
ফার্মগেটের তরমুজ ব্যবসায়ীরা জানান, তরমুজ ব্যবসায় পরিবহন খরচ সবচেয়ে বেশি। সেক্ষেত্রে পাইকারি বাজার থেকে ৫০ টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে।
রাজধানীর অন্যান্য বাজারে তরমুজের পাইকারি-খুচরা দামেরও একই অবস্থা। গত কয়েকদিনের বৃষ্টিতে কেনা ফল নষ্ট হওয়ায় ক্ষতি হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের।
এদিকে ওজনে তরমুজ বিক্রিতে নিষেধাজ্ঞা থাকলেও রাজধানীর কয়েকটি এলাকায় নিয়ম ভঙ্গ করছেন বিক্রেতারা। দায় না নিয়ে তারা দোষারোপ করছেন গ্রাহকদের।
ঢাকা মেট্রোপলিটন ফল ব্যবসায়ী সমিতিও তরমুজের বাম্পার ফলনের কথা স্বীকার করেছে। তবে সিন্ডিকেটের মাধ্যমে তরমুজের দাম বৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক।
ঢাকা মহানগর ফল আমদানি রপ্তানিকারক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ আবদুল করিম বলেন, তরমুজ ব্যবসায় কোনো সিন্ডিকেট নেই। কেউ এমন অসাধু কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কৃষি বিপণন আইন অনুসারে, খুচরা পর্যায়ে ফলের উপর যুক্তিসঙ্গত লাভের সর্বোচ্চ হার ৩০ শতাংশ। সে অনুযায়ী ৬-৮ কেজি ওজনের তরমুজের খুচরা মূল্য ১১৫ থেকে ১২০ টাকা। কিন্তু বাজারের চিত্র বলছে ভিন্ন কথা। তাই আইন লঙ্ঘন রোধে ভোক্তাদের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

তরমুজের দাম জমিতে ৬০ টাকা, আড়তে ৯০, খুচরায় ২৫০!