বিডি নিউজ২৩: শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর ছাত্রলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায়। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে সরকারি মাহাতাব উদ্দিন কলেজে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।
কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বলেন, আমাদের ছেলেরা দাঁড়িয়ে ছিল। সেখানে বিএনপির নেতাকর্মীরা এসে হামলা করে। তারা পরিকল্পিত ভাবেই আগে থেকে লাঠি সোটা নিয়ে এসেছিল। ফিরে যাওয়ার সময় তারা একা পেয়ে ছাত্রলীগ কর্মী ইরফান রাজা রুকুকে কুপিয়ে আহত করে। একটি ককটেল বিস্ফোরণও ঘটানো হয়।
এদিকে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, শ্রদ্ধা জানানো শেষে কলেজের বাইরে গেলে ভেতর থেকে আমাদের লক্ষ্য করে ছাত্রলীগের নেতাকর্মীরা ইটপাটকেল ছোড়ে। এ সময় আমাদের নেতাকর্মীরা ঘুরে গিয়ে প্রতিহত করে। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন। তারা আমাদের ভয় দেখাতে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটায় বলে তিনি অভিযোগ করেন।
এছাড়াও ফুল দেওয়া নিয়ে শ্রমিক লীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬. অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মানিকগঞ্জে শহীদ বেদিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে শ্রমিক লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ছয় নেতাকর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে। জেলা আওয়ামী লীগ নেতা ও পুলিশের হস্তক্ষেপে আধাঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে সংঘর্ষের ঘটনায় শহীদ বেদিতে ফুল দিতে আসা সামাজিক-সাংস্কৃতিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফুল না দিয়ে অনেকে শহীদ মিনার ছেড়ে চলে যান।
স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ বেদিতে ফুল দিতে আসেন। আওয়ামী লীগের পক্ষে ফুল দেওয়ার পর শ্রমিক লীগের এক পক্ষের নাম ঘোষণা করলে অপরপক্ষ বাধা দেয়। উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের ছয়জন নেতাকর্মী আহত হন। পরে জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। (সূত্র: the daily star)