বিডি নিউজ২৩:গুলশানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৯ ইউনিট। রাজধানীর গুলশান-২ নম্বরের একটি ভবনের সাত তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট কাজ করছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের ৭ম তলায় আগুন লাগার খবর আসে।
খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও ৬টি ইউনিট যোগ দেয়। বর্তমানে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে
রাত সাড়ে ৮টার দিকে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, আগুনের তীব্রতা কিছুটা কমেছে। তবে ধোঁয়া অনেক, এ জন্য ফায়ার সার্ভিসের সদস্যদের কাজ করতে বেগ পেতে হচ্ছে। এছাড়া ঘটনাস্থলের পাশে একাধিক অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে।
ভবনটিতে বসবাসকারীরা বলছেন, আগুন লাগার পর অনেকেই ভবনের ভেতরে আটকা পড়েন। তারা বের হতে পারেননি।
তবে ভবনটিতে আটকে পড়া মানুষের সঠিক হিসাব জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন লাগার পর থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত ভবনটিতে আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
মনির নামে স্থানীয় এক বাসিন্দা জানান, তার তিনজন আত্মীয় ভবনটির ১১তলায় আটকে আছেন। ভেতরে আগুন ও ধোঁয়ার কারণে তারা বের হতে পারছেন না।