মোহাম্মদ ইমাম হোসাইন, বিডি নিউজ২৩: রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীদের ঢল ছিল।
২৯ জানুয়ারি সকালের শীত উপেক্ষা করে রাজশাহী বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপক লোকজনের উপস্থিতি দেখা গেছে রাজশাহীর সমাবেশ স্থলে।
এদিকে চোখে পড়ার মতো শত শত মাইক্রোবাসে করে প্রচুর নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ স্থলে উপস্থিত হয়েছিলেন রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার ৩ বারের মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ। সকালে যখন হাড় কাঁপানো শীত ঠিক তার মধ্যেই তাহেরপুর পৌরসভা থেকে সমাবেশে যাওয়ার জন্য উপচে পড়া ভিড় দেখা যায় তাহেরপুর পৌরসভায়। একে একে সকল মাইক্রোবাস ও বাস শেষ হয়ে যায় পরে অবশিষ্ট নেতাকর্মীরা ট্রাক ও অটো রিকশাযোগে সমাবেশ স্থলে হাজির হতে থাকেন।
এছাড়াও তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর মৃধা মনসুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীবাসীর জন্য দিয়েছেন ৩১ টি উপহার। তাই তাহেরপুর পৌরবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখাতে চান, তার সেই উন্নয়নের সাথেই রয়েছেন তারা। সেজন্য উল্লেখযোগ্য হারে তাহেরপুর পৌরসভা থেকে সমাবেশে লোকজন গিয়েছেন।
শুধুমাত্র তাহেরপুর পৌরসভা থেকে এত মানুষের উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে পৌরসভার তিনবারের মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবেসে নেতাকর্মীরা সেখানে যাওয়ার জন্য তাহেরপুর পৌরসভায় হাজির হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখে সমাবেশে যাওয়ার জন্য আকুল হয়ে পড়েন পৌরবাসী, আর সেখানে যাবার জন্য আমি শুধু যাবার ব্যবস্থা করে দিয়েছি। পৌরবাসী এভাবে পাশে থাকার জন্য সবাইকে জানাই অভিনন্দন ও ভালোবাসা।
উল্লেখ্য যে, প্রধানমন্ত্রীর সাথে মঞ্চে প্রবেশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে প্রধানমন্ত্রী জনসভা থেকে ২৬টি প্রকল্প উদ্বোধন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ৬টি প্রকল্পের।
এর মধ্যে রাজশাহী তথ্য কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ, রাজশাহী আঞ্চলিক পিএসসি ভবন নির্মাণ কাজ, শহীদ এএইচএম কামারুজ্জামান বালক উচ্চ বিদ্যালয়ে ১০ তলাবিশিষ্ট ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, শহিদ জননী জাহানারা ইমাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ তলাবিশিষ্ট অ্যাকাডেমি ভবন নির্মাণ, রাজশাহী ওয়াসা ভবন নির্মাণ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ষষ্ঠ থেকে দশম তলা পর্যন্ত সম্প্রসারিত নির্মাণ কাজের উদ্বোধন করেন শেখ হাসিনা।
এছাড়া, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের হেড কোয়ার্টার নির্মাণ, রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ভবন উদ্বোধন, মোহনপুর উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন, রাজশাহী সরকারি শিশু হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন, রাজশাহী মেডিক্যাল কলেজের প্রশাসনিক ভবন নির্মাণ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উদ্বোধন, শেখ রাসেল শিশুপার্ক, মোহনপুর রেলক্রসিং ফ্লাইওভার, নগরীর বন্ধগেট-সিটি বাইপাস পর্যন্ত অযান্ত্রিক যানবাহন লেনসহ চারলেন সড়ক নির্মাণ কাজ, নগরীর কল্পনা সিনেমা হল থেকে তালাইমারী সড়ক প্রশস্তকরণ ও সম্প্রসারণ কাজ, ভদ্রা রেলক্রসিং থেকে পারিজাত লেক হয়ে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত চারলেন সড়ক উদ্বোধন করেন সরকারপ্রধান।
সেই সাথে রাজশাহী হাইটেক পার্ক থেকে ঢালুর মোড় পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণ, পুঠিয়া-বাগমারা মহাসড়ক উন্নয়ন কাজ, রাজশাহী সমাজসেবা কমপ্লেক্স নির্মাণ, চারঘাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভবন, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মাল্টিপারপাস ভবন, রাজশাহী সিভিল সার্জন অফিস, রাজশাহী সরকারি মহিলা কলেজের ৬ তলাবিশিষ্ট ছাত্রীনিবাস, রাজশাহী সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন, বাগমারার ভবানীগঞ্জ-কেশরহাট সড়ক, পদ্মা নদীর ড্রেজিং প্রকল্প, রাজশাহী পিটিআইয়ের বহুমুখী অডিটোরিয়াম নির্মাণ, চারঘাট ও বাঘায় পদ্মা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করেন।